ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

ছবিঃ সংগৃহীত
শেরপুরের শ্রীবরদী উপজেলার খারামোরা সীমান্ত দিয়ে মানবপাচারকারী চক্রের সহায়তায় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দুই ব্যক্তিকে ভারতে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৯ জুন) সকালে ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা বিজিবি ক্যাম্পসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, মানবপাচারকারীদের মাধ্যমে দুই ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটকে দেয়। পরে তাওয়াকুচা বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত পিলার ১০৯৭-এর নিকট দিয়ে তাদের ভারতের ভূখণ্ডে ফেরত পাঠায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তি নিজেদের যশোরের বাসিন্দা বলে দাবি করলেও পরিচয় নিশ্চিত করার মতো কোনো তথ্য বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ফলে তাদের প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সকালে সীমান্ত এলাকায় দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়। স্থানীয়দের সহায়তায় তাদের ভারতের সীমানায় ফিরিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রেখেছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





