নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন দেওয়া সেই স্কুলকে জাতীয়করণের নির্দেশ

ছবিঃ সংগৃহীত
বান্দরবানের দুর্গম থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই বিদ্যালয়টি জাতীয়করণের প্রক্রিয়া শুরু হয়েছে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী জানান, সংসদে আসার আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া এক বার্তায় তিন্দু বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের অসাধারণ ত্যাগ ও সংগ্রামের বিষয়টি তুলে ধরা হয়। ২০২০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। অধিকাংশ শিক্ষার্থীর পরিবার দরিদ্র হওয়ায় নিয়মিত বেতন আদায় সম্ভব না হওয়ায় শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে সংকটে পড়েন তিনি।
মন্ত্রী বলেন, বিদ্যালয়টি চালু রাখতে প্রধান শিক্ষক নিজেই থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকায় যাত্রী পরিবহন করেন। সেই আয় থেকে প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকা সহকর্মীদের বেতন হিসেবে পরিশোধ করেন। তার এই আত্মত্যাগের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে বিদ্যালয়টি জাতীয়করণের সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষা খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, এবারের বাজেটে শিক্ষা খাতে প্রায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা জিডিপির প্রায় ২ শতাংশ এবং অতীতের তুলনায় সর্বোচ্চ।
তিনি বলেন, সরকার পর্যায়ক্রমে আরও ২০ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ১৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই, ইউনিক এডুকেশন আইডি চালু, শিক্ষক প্রশিক্ষণ এবং ৫০০ প্রতিষ্ঠানের জিআইএস ম্যাপিংয়ের মাধ্যমে শিক্ষা বৈষম্য কমাতে কাজ করছে।
এ ছাড়া ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষার সম্প্রসারণ, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির বাস্তবায়ন, স্টার্টআপ, বিজ্ঞান, বিতর্ক, অলিম্পিয়াড, স্কাউট, বিএনসিসি ও গার্ল গাইডসহ সহশিক্ষা কার্যক্রম বিস্তারের পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রাথমিক শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস, জুতা, মোজা, ব্যাগ এবং দেশব্যাপী মিড-ডে মিল চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের অর্থ পরিশোধে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







