যেকোনো ধরনের উসকানির জবাবে আরও কঠোর ও শক্তিশালী পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান বলেছে, বাহরাইন যেন নিজেদের সীমাবদ্ধতা উপলব্ধি করে এবং এমন কোনো পদক্ষেপ না নেয়, যা অঞ্চলটিতে নতুন করে সংঘাতের জন্ম দিতে পারে।

রোববার (২৮ জুন) ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রভাবশালী উপদেষ্টা আলী আকবর বেলায়েতি এক বিবৃতিতে বাহরাইনকে উদ্দেশ্য করে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, বাহরাইনের বর্তমান শাসকগোষ্ঠীর এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যাতে ইরান কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একই সঙ্গে তিনি বাহরাইনকে ‘বিপজ্জনক রাজনৈতিক খেলা’ থেকে বিরত থাকার আহ্বান জানান।

এই মন্তব্য এসেছে এমন এক সময়, যখন নিজের ভূখণ্ডে মার্কিন হামলার জবাবে গত শুক্রবার ও শনিবার বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটিতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

তেহরানের দাবি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। তবে বাহরাইনসহ উপসাগরীয় দেশগুলো এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

ক্ষেপণাস্ত্র হামলার পর বাহরাইনের রাজধানী মানামা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এ হামলা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করেছে।

বিশ্লেষকদের মতে, ইরান ও বাহরাইনের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে টানাপোড়েন চলছে। বাহরাইনের উল্লেখযোগ্য শিয়া জনগোষ্ঠীকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আরও সংবেদনশীল হয়ে উঠেছে।

সম্প্রতি তেহরানের সঙ্গে গোপন সামরিক ও গোয়েন্দা যোগাযোগের অভিযোগে বাহরাইনে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে ইরানের এই নতুন হুঁশিয়ারি অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: আল জাজিরা

প্রাইমটিভি/এমএইচ