ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৪৩০ জনে পৌঁছেছে। দেশটির ক্যারিবীয় উপকূলে গত বুধবার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে শত শত ভবন ধসে পড়ে এবং হাজারো মানুষ নিখোঁজ হন। ফলে উদ্ধার অভিযান চললেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার প্রকাশিত দ্য গার্ডিয়ান–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কারাকাসের বেলো মন্টে মর্গে একের পর এক মরদেহ পৌঁছানোয় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও পিকআপ ভ্যানে করে স্বজনরা নিহতদের মরদেহ নিয়ে আসছেন।

মর্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ক্যামিলা রদ্রিগেজ জানান, প্রতিনিয়ত নতুন নতুন মরদেহ আসায় চাপ বেড়েই চলেছে। অন্যদিকে মর্গের বাইরে নিখোঁজ স্বজনদের খোঁজে উৎকণ্ঠায় অপেক্ষা করছেন অসংখ্য মানুষ।

তাদেরই একজন মার্জোরি সেদেনিও। ভূমিকম্পে তিনি একসঙ্গে বাবা, মা ও ভাইকে হারিয়েছেন। রাজধানীর অভিজাত লস পালোস গ্রান্দেস এলাকার চারতলা আবাসিক ভবন ‘রেসিদেনসিয়াস ওবেলিস্কো’ ধসে পড়লে তার পরিবারের সদস্যরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

শুক্রবার রাত পর্যন্ত মার্জোরি শুধু তার ৪৪ বছর বয়সী ভাই হোসে রুইজের মরদেহ ছবি দেখে শনাক্ত করতে পেরেছেন। তবে তার মা জোইলা সেদেনিও (৭২) এবং বাবা জাসিন্তো রুইজ (৭৪) এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছেন বলে জানা গেছে।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত ও মরদেহ উদ্ধারের কাজ অব্যাহত রেখেছেন। তবে নিখোঁজ মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় আগামী দিনগুলোতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাইমটিভি/এমএইচ