ড্রোনের ঝুঁকিতে মার্কিন আকাশপথ, তদন্তে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন

ড্রোনের ঝুঁকিতে মার্কিন আকাশপথ । প্রাইম টিভি
নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি জেটব্লু যাত্রীবাহী বিমানের সঙ্গে ড্রোনের সম্ভাব্য সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
সোমবার (২৯ জুন) স্থানীয় সময় সকাল প্রায় ৭টা ১৫ মিনিটে লাস ভেগাস থেকে ছেড়ে আসা এয়ারবাস এ৩২১ উড়োজাহাজটি অবতরণের চূড়ান্ত পর্যায়ে, প্রায় তিন হাজার ফুট উচ্চতায় থাকাকালে ড্রোনের সঙ্গে সংঘর্ষের বিষয়টি পাইলট কর্তৃপক্ষকে জানান।
এফএএ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং ড্রোনটি কীভাবে বিমানটির এত কাছে পৌঁছালো, তা খতিয়ে দেখা হচ্ছে।
জেটব্লু জানিয়েছে, বিমানটি নিরাপদেই অবতরণ করেছে এবং সব যাত্রী স্বাভাবিকভাবে বিমান থেকে নেমেছেন। পরে উড্ডয়ন-পরবর্তী পরিদর্শনের জন্য বিমানটিকে সাময়িকভাবে পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়। তবে প্রাথমিক পরীক্ষায় কোনো ক্ষয়ক্ষতি বা সংঘর্ষের দৃশ্যমান প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে, জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনাকারী নিউইয়র্ক ও নিউ জার্সি পোর্ট অথরিটি এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, কয়েকদিন আগেই নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটও একই ধরনের ড্রোন-সংক্রান্ত ঘটনার মুখোমুখি হয়েছিল। পরপর দুটি ঘটনায় বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









