পাকিস্তানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ৪০ জনের মৃত্যু

ছবিঃ সংগৃহীত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী এলাকায় যাত্রীবাহী একটি বাস গভীর পাথুরে গিরিখাতে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) ভোরে কোয়েটা থেকে পেশোয়ারগামী বাসটি পার্বত্য দানা সার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে ঝোব জেলার জরুরি সেবা কর্তৃপক্ষ ও প্রাদেশিক প্রশাসন হতাহতের বিষয়টি নিশ্চিত করে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঝোব জেলার জরুরি কেন্দ্রের প্রধান সানাউল্লাহ শেরানি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই বহু যাত্রীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ বলেন, দুর্ঘটনাটি বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী একটি দুর্গম এলাকায় ঘটেছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পাথুরে গিরিখাতে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।
একটি উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। এটি কোয়েটা থেকে দেশের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযানও চালানো হচ্ছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









