রায়েরবাজারে নতুন থানা গঠনের প্রস্তাব ডিএমপি’র

ছবি- সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর এলাকার অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ‘রায়েরবাজার’ নামে নতুন একটি থানা গঠনের প্রস্তাব দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (৩ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ তথ্য জানান।
ভারপ্রাপ্ত কমিশনার বলেন, রায়েরবাজার থানা গঠনের প্রস্তাবটি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, মোহাম্মদপুরকেন্দ্রিক অপরাধ প্রবণতা বাড়তে থাকায় এরই মধ্যে বসিলা ও কাওরানবাজারে দুটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ডিএমপি প্রধান বলেন, মোহাম্মদপুর এলাকায় ইতিমধ্যে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং পর্যায়ক্রমে পুরো রাজধানীকে সিসি ক্যামেরার আওতায় এনে অপরাধমুক্ত করার কাজ চলছে।
অভিযানের গোপন তথ্য ফাঁসকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা এ ধরনের কাজ করছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ফুটপাতে চাঁদাবাজি প্রসঙ্গে তিনি জানান, সিটি করপোরেশন থেকে সীমানা নির্ধারণ করে দেওয়ায় এখন আর আগের মতো চাঁদাবাজির সুযোগ নেই।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








