নিষিদ্ধ আওয়ামিলীগের নৈরাজ্যের প্রতিবাদে গণঅধিকার পরিষদ বিক্ষোভ মিছিল

ছবিঃসংগৃহীত
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। সোমবার রাত ৮টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি পল্টন মোড় ও জাতীয় প্রেসক্লাব এলাকা ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং আবারও বাসে অগ্নিসংযোগসহ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি বলেন, দেশের মানুষ আর কোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীলতা মেনে নেবে না। একই সঙ্গে ২৩ তারিখে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো অপতৎপরতা হলে তা প্রতিরোধের ঘোষণা দেন তিনি। পাশাপাশি আগামীকাল সারাদেশে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিরও ঘোষণা দেন তিনি।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, তারা গোপনে অপতৎপরতার প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকবে বলেও জানান তিনি।

এছাড়া বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি এডভোকেট নিজামউদ্দিনের সঞ্চালনায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সবুজ সেরনিয়াবাতসহ অন্যান্য নেতারা।
সমাবেশে নেতারা দলীয় কর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে সংগঠনের অবস্থান তুলে ধরেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









