জুলাই আন্দোলনের হত্যাকাণ্ড, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিসহ আলোচিত সব গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত না হলে বর্তমান সরকার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ‘আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচার দাবি’ শীর্ষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ সব গুম, খুন এবং শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। বিচার না হলে সরকার পাঁচ বছরের মেয়াদ সম্পন্ন করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দলটি একটি ‘ফ্যাসিস্ট, গণহত্যাকারী ও সন্ত্রাসবাদী সংগঠন’। তার দাবি, আওয়ামী লীগের দেশে রাজনীতি করার সুযোগ ৫ আগস্টের পর শেষ হয়ে গেছে।

বিচার প্রক্রিয়ার ধীরগতি নিয়ে হতাশা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের দুই বছর পরও বিচার দাবিতে রাজপথে নামতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি অভিযোগ করেন, গত কয়েক মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

চিফ প্রসিকিউটরের সমালোচনা করে তিনি বলেন, দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে তার পদত্যাগ করা উচিত। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন এবং আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি আরও বলেন, সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার কারণে বিএনপিও জনগণের প্রশ্নের মুখে পড়েছে। বিচার, সংস্কার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন সংসদের ভেতরে ও বাইরে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর কার্যক্রমের সমালোচনা করে নাহিদ ইসলাম তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তোলেন।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতারা বক্তব্য দেন।

প্রাইমটিভি/এমএইচ