বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, ক্ষমতায় আসার আগে বিএনপি ফ্যাসিবাদী আমলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের বিচার করার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় এসে তারা সেই অবস্থান থেকে সরে গেছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে ১১-দলীয় ঐক্যের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “ক্ষমতায় যাওয়ার আগে বিএনপি বলেছিল, ফ্যাসিবাদী সময়ের সব গুম ও হত্যাকাণ্ডের বিচার করবে। কিন্তু ক্ষমতায় বসে তারা নিজেদের সুর পাল্টে ফেলেছে।”

হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কার স্বার্থে এবং কাদের খুশি করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা জনগণের কাছে স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, “বর্তমান পরিস্থিতিতে বিচার তো হচ্ছেই না, বরং বিএনপির নিজেদের লোক নিজেরাই হত্যা করছে এবং এর কোনো দায়ও নিচ্ছে না।”

জামায়াতকে ধ্বংস করার অতীতের বিভিন্ন রাজনৈতিক প্রচেষ্টার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জামায়াত নির্মূলের ঘোষণা দিয়ে অতীতে অনেকেই রাজনীতি থেকে নির্মূল হয়ে গেছে।”

সমাবেশে তিনি বিভিন্ন রাষ্ট্রীয় ও প্রশাসনিক প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগও তোলেন। তার দাবি, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যাংক, বিশ্ববিদ্যালয়, কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় অনুগত ব্যক্তিদের বসানো হচ্ছে।

ডা. শফিকুর রহমান বলেন, “জেলায় জেলায় প্রশাসক বসিয়ে দেওয়া হয়েছে। এমনকি খেলার মাঠও দলীয় প্রভাবমুক্ত রাখা হয়নি। এভাবে দেশ আবার কার্যত একদলীয় শাসনের দিকেই এগিয়ে যাচ্ছে।”

সমাবেশে ১১-দলীয় ঐক্যের নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিচারহীনতা এবং প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।

প্রাইমটিভি/কেআর