আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বরের প্রবেশপথে ব্যারিকেড দিয়ে জনসাধারণের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ, র্যাব, ডিবি ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে। নিরাপত্তার দায়িত্বে থাকা এক সদস্য জানান, আজ কাউকে এই এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

এদিকে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ঢাকার শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৬টি জেলা ও মেট্রোপলিটন এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে ইস্যু করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মেট্রোপলিটন এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় জনগণের জানমালের সুরক্ষায় আজ থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য দায়িত্ব পালন করবেন।

প্রাইমটিভি/বিএম