মারা গেছেন চলচ্চিত্র নৃত্য পরিচালক জাকির হোসেন

ছবিঃ সংগৃহীত নৃত্য পরিচালক জাকির হোসেন
ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে অবশেষে হার মানলেন ঢালিউডের সুপরিচিত নৃত্য পরিচালক জাকির হোসেন। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালীর ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাগ্নে মনির।
দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত এই গুণী শিল্পীর পরিবার তার উন্নত চিকিৎসার জন্য সরকারি সহায়তাও চেয়েছিল। গত মে মাসে তাকে চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়েছিল এবং সেখান থেকে পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশে ফিরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে গেলেন।
জাকির হোসেন ঢাকাই চলচ্চিত্রের একজন অত্যন্ত দক্ষ ও পরিচিত নৃত্য পরিচালক ছিলেন। দীর্ঘদিন ধরে বহু চলচ্চিত্রের নৃত্য পরিচালনার পাশাপাশি কিছু সিনেমাতে তাকে অভিনয় করতেও দেখা গেছে। প্রবাস থেকে চিত্রনায়ক জায়েদ খান তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জানান, জাকির হোসেন কেবল তার বেশ কিছু সিনেমার গানের নৃত্য পরিচালকই ছিলেন না, বরং তার সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে দুইবার সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







