১৮০ জন বিদেশি বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া, রয়েছে ২২ বাংলাদেশি

ছবিঃ সংগৃহীত
মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে ২২ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১৮০ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার (২২ জুন) জোহর ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৩২ জন মিয়ানমারের নাগরিক। এছাড়া ২২ জন বাংলাদেশি, ১২ জন ভিয়েতনামের, ৯ জন থাইল্যান্ডের, ২ জন নেপালের এবং শ্রীলঙ্কা, চীন ও সিঙ্গাপুরের একজন করে নাগরিক রয়েছেন।
ইমিগ্রেশন বিভাগ জানায়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর-১ ও ২, সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং সুলতান ইস্কান্দার ভবন কমপ্লেক্সের মাধ্যমে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষের তথ্যমতে, সংশ্লিষ্ট ব্যক্তিরা মালয়েশিয়ার পেনাল কোড, বিপজ্জনক মাদক আইন-১৯৫২, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর আওতায় বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছিলেন। সাজা শেষ হওয়ার পর তাদের বিরুদ্ধে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
ইমিগ্রেশন বিভাগ আরও জানায়, ফেরত পাঠানো সব ব্যক্তিকে ব্ল্যাকলিস্টভুক্ত করা হয়েছে। ফলে নির্ধারিত সময়সীমার মধ্যে তারা কোনো কারণেই মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।
বিবৃতিতে বলা হয়, প্রত্যাবাসনের ব্যয় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজস্ব অর্থ, তাদের পরিবারের আর্থিক সহায়তা এবং বিশেষ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বহন করেছে।
এছাড়া পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো জানিয়েছে, দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ও বিমান টিকিট ক্রয়ের সব কার্যক্রম ডিপোর নিজস্ব সার্ভিস কাউন্টারের মাধ্যমে সম্পন্ন করা হয়। এ জন্য কোনো অতিরিক্ত সার্ভিস চার্জ বা ফি নেওয়া হয় না।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







