১৭ বছর পর দেশ একটি কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ একটি সত্যিকারের কার্যকর ও প্রতিনিধিত্বশীল সংসদ পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে এবং নতুন সংসদের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ও ইতিবাচক প্রচারের মাধ্যমে জাতীয় সংসদ আরও শক্তিশালী হবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রকৃত কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ অতীতের সংসদীয় ব্যবস্থার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের আমলের সংসদ সদস্য ছিলেন—এ কথা বলতে আজও তার লজ্জা লাগে। সে সময় প্রকৃত নির্বাচনের প্রতিফলন সংসদে দেখা যেত না বলেও মন্তব্য করেন তিনি।
স্পিকার বলেন, দীর্ঘদিন দেশের মানুষ একটি কার্যকর সংসদের অপেক্ষায় ছিল। এবার সেই প্রত্যাশা পূরণ হয়েছে। বর্তমান সংসদকে তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদের মতো শক্তিশালী ও কার্যকর সংসদ হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে অনেক নতুন ও তুলনামূলক কম পরিচিত প্রার্থী জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, যা ভোটারদের পরিবর্তনের আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ। জনগণ অতীতের সংসদীয় চর্চায় সন্তুষ্ট ছিল না বলেই তারা নতুন নেতৃত্বের ওপর আস্থা রেখেছে।
নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, জনগণ তাদের ওপর যে বিশ্বাস রেখেছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করাই এখন সংসদ সদস্যদের প্রধান দায়িত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংসদকে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে প্রতিষ্ঠিত করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, সংসদকে জনগণের আরও কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের যেকোনো ইতিবাচক উদ্যোগে সংসদ সচিবালয় সর্বাত্মক সহযোগিতা করবে।
বিপিজেএর সভাপতি হারুন জামিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





