যশোরে দুর্ধর্ষ সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

দুর্ধর্ষ সন্ত্রাসী ‘চশমা সাইদ’ । সংগৃহীত
যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৪ জুন) সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের ঝোপে রক্ত দেখতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে যান। সেখানে সাইদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের পাশে একটি ধারালো চাকুও পড়ে ছিল। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসা কিংবা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মমিনুল হক বলেন, “মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






