বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে শফিউল আলম (৩৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার এক পায়ের গোড়ালি উড়ে গেছে বলে জানা গেছে।

বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছে ভালুকিয়া পাহাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে।

আহত শফিউল আলম ঘুমধুম ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ কালুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সীমান্তসংলগ্ন এলাকায় নিজ কলাবাগানে কাজ করতে যান শফিউল। সময় হঠাৎ একটি স্থলমাইন বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। বিস্ফোরণের তীব্রতায় তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজারের এমএসএফ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান বলেন, ঘুমধুম সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তবর্তী যেসব এলাকায় স্থলমাইন থাকার আশঙ্কা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে লাল পতাকা টাঙিয়ে স্থানীয়দের সতর্ক করা হবে, যাতে ভবিষ্যতে ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

উল্লেখ্য, মিয়ানমার সীমান্তঘেঁষা নাইক্ষ্যংছড়ির বিভিন্ন এলাকায় অতীতেও একাধিকবার স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সীমান্তবর্তী জনপদের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

প্রাইমটিভি/ এমআর