ঢাকার মিরপুরে নিজ বাসা থেকে স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে থাকা ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত ২১ জুন মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। সেদিন আদালত রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, নিহত ইকরাকে উদ্দেশ্য করে জাহের আলভী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপমানজনক ও উসকানিমূলক পোস্ট দিতেন এবং বিভিন্নভাবে মানসিক নির্যাতন করতেন। আবেদনে আরও বলা হয়, বিবাহিত থাকা অবস্থায় গত ২৭ ফেব্রুয়ারি অন্য এক নারীর সঙ্গে ছবি প্রকাশ করে উসকানিমূলক মন্তব্যও করেন তিনি। মামলার রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য রিমান্ড প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

এর আগে গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে মিরপুরের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ঘটনার দিন রাতেই ইকরার মামা শেখ তানভীর আহমেদ মিরপুর মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় জাহের আলভীর পাশাপাশি তার মা নাসরিন সুলতানা শিউলিকেও আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, এসব অভিযোগ মামলার এজাহারে উল্লিখিত। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তরা আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

প্রাইমটিভি/এমএইচ