হাতের স্পর্শেই উঠে যাচ্ছে কোটি টাকার সড়কের পিচ

ছবিঃ সংগৃহীত
খুলনার কয়রা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন একটি সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের কাজ ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই পিচ ঢালাই করায় কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে পিচ উঠে যাচ্ছে এবং নির্মিত গাইডওয়ালে ফাটল দেখা দিয়েছে।
বুধবার (২৪ জুন) সরেজমিনে উপজেলার উত্তর মাদারবাড়িয়া থেকে রোনবাগ কেয়ার সড়কে গিয়ে দেখা যায়, প্রায় ৫০০ মিটার এলাকায় পিচ ঢালাইয়ের পর কয়েকটি স্থানে তা উঠে গেছে। প্রকল্পের আওতায় নির্মিত গাইডওয়ালের বিভিন্ন অংশেও ফাটল দেখা গেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় পরিমাণ বিটুমিন ব্যবহার করা হয়নি এবং যথাযথ প্রাইমকোট ছাড়াই পিচ ঢালাই দেওয়া হয়েছে। এমনকি রাস্তা পরিষ্কার না করেই কাজ করায় এক সপ্তাহের মধ্যেই পিচ উঠে যাচ্ছে। অনিয়মের প্রতিবাদ করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা কাজ ফেলে চলে যান বলেও দাবি করেন তারা।
উপজেলা এলজিইডি সূত্র জানায়, প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে উত্তর মাদারবাড়িয়া-রোনবাগ কেয়ার সড়ক এবং হড্ডা-বেদকাশী সড়কের কার্পেটিং কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কামরুল অ্যান্ড ব্রাদার্স। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় পরে প্রকল্প পুনর্বিন্যাস করে শুধু উত্তর মাদারবাড়িয়া থেকে রোনবাগ কেয়ার পর্যন্ত এক কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ চালু রাখা হয়।
স্থানীয়দের আরও অভিযোগ, প্রকল্প এলাকায় দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের নিয়মিত তদারকি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের কাজ করার সুযোগ পেয়েছে। কাজ সম্পূর্ণ শেষ হওয়ার আগেই বিলের বড় অংশ উত্তোলনের অভিযোগও তুলেছেন তারা। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় ইউপি সদস্য জামাল ফারুক জাফরিন বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কাজ তদারককারী হাসান শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, যথাযথভাবে প্রাইমকোট দেওয়া হয়েছিল। বৃষ্টির কারণে কিছু অংশের ক্ষতি হয়েছে। যেসব স্থানে ত্রুটি রয়েছে, সেগুলো দ্রুত সংস্কার করা হবে।
কয়রা উপজেলা এলজিইডির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী শাফিন শোয়েব বলেন, সড়কের কাজ নিয়ে অভিযোগ পাওয়া গেছে। কোথাও প্রাইমকোট কম দেওয়া হয়ে থাকলে তা পুনরায় করে ত্রুটিপূর্ণ অংশে নতুন করে ঢালাই দেওয়া হবে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





