দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবিঃ সংগৃহীত
জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ। নতুন ধরনের সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের বিস্তারের কারণে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জাতীয় পর্যায়ের এক গবেষণায় দেখা গেছে, দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদক ব্যবহার করছেন। বিশেষ করে নতুন সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের আবির্ভাব মাদকের অপব্যবহারকে আরও জটিল করে তুলেছে। এর ফলে বিপুলসংখ্যক তরুণ মাদকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন এবং তাদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজন রয়েছে।
তিনি জানান, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ঢাকার তেজগাঁও মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসহ তিনটি বিভাগীয় নিরাময় কেন্দ্রের শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি রাজধানীর তেজগাঁও কেন্দ্রকে ২৫০ শয্যায় উন্নীত করার কাজ চলমান রয়েছে।
এ ছাড়া ১ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে দেশের সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট আধুনিক মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে মাদকাসক্ত মানুষের সংখ্যার তুলনায় সরকারি চিকিৎসা সুবিধা এখনও পর্যাপ্ত নয়। এ কারণে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোকে শক্তিশালী করতে সরকার আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে।
তিনি জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরে লাইসেন্সপ্রাপ্ত ৪০৩টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মধ্যে ৭৩টি প্রতিষ্ঠানকে মোট ১ কোটি ১০ লাখ টাকার সরকারি অনুদান প্রদান করা হচ্ছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





