আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ডিগ্রি সংক্রান্ত জটিলতায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

বৃহস্পতিবার (২৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৫তম দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সংসদে বক্তব্য দিতে গিয়ে শফিকুল ইসলাম মাসুদ বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলেও বাস্তবে কিছু সিদ্ধান্ত প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি অভিযোগ করেন, মানবিক সেবার জন্য পরিচিত একটি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে, যেখানে ৭০০ শয্যার মধ্যে ১৮০টি শয্যা বিনামূল্যে রাখা হয়েছিল এবং প্রতিদিন গড়ে ২৩টি স্বাভাবিক প্রসব করানো হতো। এছাড়া অসংখ্য রোগী ও তাদের স্বজনদের বিনামূল্যে খাবারের ব্যবস্থাও ছিল।

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ছয়জন শিশু মারা যাওয়া নিঃসন্দেহে দুঃখজনক। কিন্তু ৩০০ শিশু হামে মারা যাওয়ার ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী কখনও পদত্যাগের চিন্তা করেছেন কি না, সেটিও প্রশ্ন।”

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ডিগ্রি জটিলতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের মধ্যে প্রায় আড়াইশ বিদেশি শিক্ষার্থী রয়েছেন, যারা সমস্যার সমাধানের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও সাড়া পাচ্ছেন না।

তিনি বলেন, “বিদেশি শিক্ষার্থীরা দ্বারে দ্বারে ঘুরছেন। এতে বাংলাদেশের সম্পর্কে ইতিবাচক বার্তা যাচ্ছে না। এটি বহির্বিশ্বে দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।”

এ সময় তিনি আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কিংবা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন না।

সংসদ সদস্য মাসুদ বলেন, “এই শিক্ষার্থীরা কোথায় যাবে, কীভাবে তাদের সমস্যার সমাধান হবে— সে বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

তিনি শিক্ষার্থীদের সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

প্রাইমটিভি/কেআর