কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) নগরীর কাঁটাবিল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

গুলিবিদ্ধ শিক্ষার্থীর নাম প্রেম (১১)। তিনি কাঁটাবিল এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা মানববন্ধনের আয়োজন করেন। কর্মসূচি চলাকালে একদল দুর্বৃত্ত সেখানে হামলা চালায়। একপর্যায়ে গুলির ঘটনা ঘটলে প্রেমসহ অন্তত পাঁচজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর মানববন্ধনস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অংশগ্রহণকারীরা প্রাণ বাঁচাতে নিরাপদ স্থানে সরে যান। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। হামলা ও গুলির ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা এখনও ঘটনাস্থলে অবস্থান করছি।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রাইমটিভি/কেআর