মুদির দোকানসহ নিম্ন আয়ের মানুষের ক্ষুদ্র ব্যবসাকে ভ্যাটের আওতায় আনা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এমন কোনো নীতি বিএনপি সমর্থন করে না এবং ভবিষ্যতেও করবে না।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, সাধারণ মানুষের জীবিকা ও ক্ষুদ্র ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই বিএনপি নীতি নির্ধারণে বিশ্বাস করে।

এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফরের প্রসঙ্গ তুলে বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে। চীনের শিল্প, অবকাঠামো ও সেবা খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে এবং দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১৮ বিলিয়ন মার্কিন ডলার। ফলে এই সফর দুই দেশের সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রিজভী আরও বলেন, চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বাংলাদেশের উদ্যোগ বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছে। সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে কর-সুবিধা প্রদানের বিষয়টিও ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নের যে নীতি অনুসরণ করা হচ্ছে, বর্তমান কূটনৈতিক কার্যক্রমে তার প্রতিফলন দেখা যাচ্ছে। এই সফর দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং চীনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করবে বলেও মন্তব্য করেন তিনি।

রিজভীর ভাষ্য, চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। তিনি দাবি করেন, অতীতের একমুখী পররাষ্ট্রনীতির পরিবর্তে বর্তমানে বহুমুখী পররাষ্ট্রনীতির প্রতিফলন দেখা যাচ্ছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বহুমুখী পররাষ্ট্রনীতির ভিত্তি স্থাপন করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাকেই এগিয়ে নিচ্ছেন।

প্রাইমটিভি/এমএইচ