আবাসিক হোটেল থেকে ১৪ নারী-পুরুষ আটক

ছবিঃ সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাত নারী ও সাত পুরুষসহ ১৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের পঞ্চম তলায় অবস্থিত হোটেল রাজে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে ১৪ জনকে আটক করে।
ডিবি পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন পেশাদার যৌনকর্মী ও তাদের খদ্দের রয়েছেন। এছাড়া কয়েকজন নারী-পুরুষ অবৈধ সম্পর্কের সূত্রে সেখানে অবস্থান করছিলেন বলেও অভিযোগ রয়েছে। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
অভিযান শেষে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে এক নারী ও এক পুরুষ নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





