বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

চীনের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানী বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ সমঝোতা স্মারক সই হয়। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

বিএনপির পক্ষে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক সমঝোতা স্মারক। রাজনৈতিক ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে রয়েছেন। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে আছেন সহধর্মিণী জুবাইদা রহমান। সফরকালে দুই দেশের সম্পর্ক ও বিভিন্ন সহযোগিতার বিষয় গুরুত্ব পাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রাইমটিভি/এনজি