নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাড়ির আঙিনায় গাঁজা গাছ রোপণ ও পরিচর্যার অভিযোগে শুক্কুর আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে ৯টি গাঁজা গাছ, ৪০ গ্রাম গাঁজা এবং নগদ ২১ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতার শুক্কুর আলী উপজেলার চিরাং ইউনিয়নের গোপালাশ্রম গ্রামের মৃত আব্দুল আজিদের ছেলে।

কেন্দুয়া থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে গোপালাশ্রম গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে শুক্কুর আলীর বাড়ির পূর্ব পাশের আঙিনা থেকে প্রায় ৭ ফুট উচ্চতার ৯টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজা গাছগুলোর আনুমানিক ওজন প্রায় ১৫ কেজি।

অভিযানকালে বাড়ি থেকে আরও ৪০ গ্রাম শুকনা গাঁজা এবং নগদ ২১ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুক্কুর আলী দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা চাষ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি স্থানীয় এলাকাসহ বিভিন্ন স্থানে এসব গাঁজা বিক্রি করতেন বলেও জানিয়েছেন।

ওসি আরও বলেন, জব্দকৃত গাঁজা গাছগুলো বিক্রির উদ্দেশ্যেই চাষ করা হয়েছিল বলে অভিযুক্ত স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত শুক্কুর আলীকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রাইমটিভি/কেআর