দুর্নীতি-ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

ছবিঃ সংগৃহীত
সরকারি সেবা খাতের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছে পাসপোর্ট অফিস। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ অনুযায়ী, পাসপোর্ট সেবা নিতে গিয়ে ঘুষ দিতে হয়েছে ৭৬ দশমিক ৬ শতাংশ সেবাগ্রহীতা পরিবারকে, যা দেশের সব সরকারি সেবা খাতের মধ্যে সর্বোচ্চ।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমণ্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, পাসপোর্ট সেবায় ঘুষের প্রবণতা গ্রামাঞ্চলে আরও বেশি। গ্রামে এ হার ৭৯ দশমিক ১ শতাংশ, আর শহরাঞ্চলে ৭১ দশমিক ৮ শতাংশ।
জরিপে আরও দেখা যায়, ঘুষ গ্রহণের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), যেখানে ৬৩ দশমিক ৫ শতাংশ সেবাগ্রহীতা ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং কৃষি খাতে ঘুষের হার সমান ৪৯ দশমিক ৩ শতাংশ। ভূমি সেবায় ঘুষের শিকার হয়েছেন ৪৭ দশমিক ৬ শতাংশ সেবাগ্রহীতা।
সার্বিক চিত্রে টিআইবির জরিপ বলছে, দেশের ৬৩ দশমিক ৬ শতাংশ পরিবার অন্তত একটি সরকারি সেবা খাতে ঘুষের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাসপোর্ট সেবায় দুর্নীতির চিত্র সবচেয়ে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে সংস্থাটি।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





