রাজধানীর মোহাম্মদপুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মো. মুন্না (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। পেশায় নিরাপত্তাকর্মী মুন্না গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় সড়ক পারাপারের সময় এই নির্মম দুর্ঘটনার শিকার হন।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেল মুন্নাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিবাগত রাত আড়াইটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি বর্তমানে কলেজের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। মুন্নার মেয়ে আনিছা বেগম জানান, তার বাবা রাত পৌনে ১২টার দিকে বাসায় ফেরার কিছুক্ষণ পরই আবার বাইরে যান এবং এর পরপরই তারা দুর্ঘটনার খবর পান। মুন্না সপরিবার মোহাম্মদপুর কৃষি মার্কেটের বিহারি ক্যাম্প এলাকায় থাকতেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।

প্রাইমটিভি/বিএম