দিনাজপুরে জব্দ করা প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের সদর দফতরে এ কার্যক্রম পরিচালনা করা হয়। দিনাজপুর সেক্টরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) ও দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) যৌথভাবে মাদক ধ্বংস কার্যক্রমে অংশ নেয়।

এসময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, সীমান্ত ও অভ্যন্তরীণ বিভিন্ন রুটে অভিযান চালিয়ে জব্দ করা ফেন্সিডিল, মদ, গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া অনুসরণ করে ধ্বংস করা হয়েছে।

সংস্থাটি বলছে, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। সীমান্ত এলাকায় কোনো ধরনের মাদক চোরাচালান বরদাশত করা হবে না বলেও জানিয়েছে বিজিবি।

বিজিবির দাবি, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সীমান্তে চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

প্রাইমটিভি/এনজি