এমপি মনিরুলের অনুরোধে ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

ছবিঃ সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়েছে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর উদ্যোগে বাদী মামলা প্রত্যাহারে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। পরে একই পোস্টের মন্তব্যে মামলা প্রত্যাহারের নথির ছবি প্রকাশ করে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে মনিরুল হক চৌধুরী জানান, সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পারেন, তার নির্বাচনি এলাকা সদর দক্ষিণ থানায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তবে এ বিষয়ে তিনি আগে থেকে কিছু জানতেন না এবং কারা এ মামলা করেছেন, সে সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না।
বিষয়টি জানার পর তিনি বিব্রতবোধ করেন উল্লেখ করে বলেন, সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সমাধান এবং মামলা প্রত্যাহারের অনুরোধ জানানোর নির্দেশ দেন। পরে নেতাকর্মীরা তাকে জানান, বাদী মামলা প্রত্যাহারে সম্মত হয়েছেন।
এমপি আরও জানান, তিনি সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তার আইনজীবীকেও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
পোস্টে মনিরুল হক চৌধুরী বলেন, সংসদে সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে তার যে অভিযোগ ছিল, তা তিনি সংসদেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লিখিতভাবে উপস্থাপন করেছেন। তিনি সবসময় আইনশৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার পক্ষে বলেও উল্লেখ করেন।
পোস্ট প্রকাশের প্রায় তিন ঘণ্টা পর মন্তব্যের ঘরে মামলা প্রত্যাহারের নথির ছবি শেয়ার করে তিনি জানান, বাদী আনুষ্ঠানিকভাবে মামলা প্রত্যাহার করেছেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





