সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিক্ষার্থীরা হলেন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ভদ্র শিমুল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েদ হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার কাটাঙ্গা গ্রামের আব্দুল হালিমের ছেলে আরিফুর ইসলাম (১১)।

স্থানীয়দের ভাষ্য, সকালে আরও এক সহপাঠীর সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে তিন শিক্ষার্থী। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে জুনায়েদ ও আরিফুর নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অপর শিক্ষার্থী অনেক কষ্টে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই বন্ধুকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

খবর পেয়ে আশপাশের জেলেরা দ্রুত উদ্ধার তৎপরতায় নামেন। তারা নদীতে জাল ফেলে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর দুপুরের দিকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ও নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দুই কিশোরের আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। সকালে স্বাভাবিকভাবে ঘর থেকে বের হওয়া সন্তানদের কয়েক ঘণ্টা পর নিথর দেহ ফিরে পাওয়ার বেদনা মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। তাদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। এই হৃদয়বিদারক ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও।

প্রাইমটিভি/কেআর