প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত সরকার। আগামী ২৮ জুন থেকে পর্যটন ভিসা আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রথম ধাপে দেশের পাঁচটি ভিসা কেন্দ্র থেকে পর্যটন ভিসা দেওয়া হবে। কেন্দ্রগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী। পর্যায়ক্রমে বাকি কেন্দ্রগুলোর কার্যক্রমও চালু করা হবে।

২০২৪ সালের ৪ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ভারত সাময়িকভাবে সব ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ করে দেয়। পরে কিছু কেন্দ্র সীমিত পরিসরে চালু হলেও নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন সময়ে একাধিক কেন্দ্রের কার্যক্রম স্থগিত রাখা হয়।

গত বছরের ১৭ ডিসেম্বর ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত প্রধান ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরদিন সেটি আংশিকভাবে চালু করা হয়। একই সময়ে খুলনা ও রাজশাহীর কেন্দ্র বন্ধ রাখা হয়। এছাড়া ২১ ডিসেম্বর চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে নিরাপত্তা সংক্রান্ত একটি ঘটনার পর চট্টগ্রাম ভিসা কেন্দ্রের কার্যক্রমও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।

এরই মধ্যে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে ভারতীয় ভিসা কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন তিনি।

প্রাইমটিভি/এনজি