লক্ষ্মীপুরে রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

লক্ষ্মীপুরের রায়পুরে জনকে হত্যা । প্রাইম টিভি
লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌর শহরের দেনায়েতপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য।
নিহতরা হলেন শাহীনুর বেগম (৩৮), তার মেজ মেয়ে কলেজ শিক্ষার্থী ইকরা আক্তার (১৮) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বড় মেয়ে ছায়মা (২১)কে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শাহীনুর বেগমের স্বামী মো. কামাল। এরপর তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে রায়পুরে ভাড়া বাসায় বসবাস করছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে ধারালো অস্ত্র নিয়ে দুর্বৃত্তদের হামলায় শাহীনুর বেগম ও তার তিন মেয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহীনুর, ইকরা ও শিফাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়রা জহির হোসেন নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকেও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পেশায় ভ্রাম্যমাণ ফল বিক্রেতা বলে জানা গেছে।
রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুর রাশেদ জানান, ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সন্দেহভাজন এক যুবককে জনতা গণপিটুনি দিয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





