টাঙ্গাইলের সখীপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে কৃষক দুলাল হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ১১ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে টাঙ্গাইলের স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সখীপুর উপজেলার কচুয়া দক্ষিণপাড়া এলাকার আবুল কাশেম, মো. রওশন আলী ও মো. মোস্তাক। রায় ঘোষণার সময় আবুল কাশেম ও রওশন আলী আদালতে উপস্থিত ছিলেন। তবে মোস্তাক পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান কবীর জানান, ২০০৯ সালের ৯ জুলাই জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ওহাব সিকদারের পরিবারের সঙ্গে আসামিদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলা ও মারধরে ওহাবের চাচাতো ভাই কৃষক দুলাল গুরুতর আহত হন। পরে তাকে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই তিনি মারা যান।

ঘটনার পর দায়ের করা মামলার তদন্ত শেষে একই বছরের ৩১ আগস্ট সখীপুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যে তিন আসামির মৃত্যু হওয়ায় তাদের নাম মামলা থেকে বাদ পড়ে। পরে সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য আইনি কার্যক্রম শেষে আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন এবং বাকি ১১ জনকে খালাস প্রদান করেন।

প্রাইমটিভি/এমআর