মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে শিগগিরই তা জাতীয় সংসদে পাস করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একইসঙ্গে মাদক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত। এ পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ তিনটি বিভাগীয় শহরে মাদক নিরাময় কেন্দ্রের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি বেসরকারি পর্যায়ের মাদক নিরাময় কেন্দ্রগুলোকে বিভিন্নভাবে সহায়তা দেওয়া হচ্ছে।

সালাহউদ্দিন আহমেদ জানান, মাদক নির্মূলে কাজ করা ৭৩টি প্রতিষ্ঠানকে এবার ১ কোটি ৪০ লাখ টাকা অনুদান দিয়েছে সরকার।

এদিকে আইন সংশোধনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাহিনীগুলোকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ, থানায় আসামি হস্তান্তরের আগে রাখার জন্য হাজতখানা নির্মাণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সরকারের এসব উদ্যোগ মাদক নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রমকে আরও কার্যকর করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রাইমটিভি/এনজি