ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চাঁনপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে রনি মিয়া (১৮) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত রনি মিয়া উপজেলার খাটিংগা গ্রামের আলমগীর মিয়ার ছেলে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাজা প্রদান করেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) দুপুরে বিদ্যালয়ের সামনে রনি মিয়া নবম শ্রেণির ওই ছাত্রীকে অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করছিলেন। এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন তাৎক্ষণিক এগিয়ে আসেন এবং বখাটে রনিকে হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি বিবেচনা করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় অভিযুক্ত রনি মিয়াকে এই শাস্তি দেওয়া হয়। ইউএনও সকিনা আক্তার জানান, নারী ও ছাত্রীদের নিরাপত্তা বজায় রাখতে এবং ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের এমন কঠোর আইনি তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রাইমটিভি/বিএম