৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

রোববার ( ২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। আগে জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় আজই ফল ঘোষণা করে কমিশন।

এর আগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। পরে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভাইভা শেষে যাচাই বাছাই ও নম্বর সংকলনের কাজ দ্রুত সম্পন্ন করে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

এদিকে নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত করতে 'ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার' রোডম্যাপ বাস্তবায়নের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পিএসসি। কমিশনের আশা, ৫০তম বিসিএস থেকে এই নতুন পদ্ধতি পুরোপুরি কার্যকর হবে।

প্রাইমটিভি/এনজি