অ্যান্টিভেনম না নিয়ে ওঝার শরণাপন্ন, প্রাণ হারাল কিশোর

সাপের কামঢ়ে প্রাণ হারাল কিশোর। ছবিঃ সংগৃহীত
ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে মো. রাফসান শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা সময়মতো হাসপাতালে না নিয়ে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করানোর চেষ্টা করেন। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
শনিবার (২৭ জুন) রাত ৯টার দিকে উপজেলার গুণবহা ইউনিয়নের অমৃতনগর চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাফসান শেখ ওই গ্রামের মো. লিটন শেখের ছেলে। ভোররাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাথরুমে গিয়ে ফেরার পথে রাফসানকে একটি বিষাক্ত সাপ দংশন করে। এরপর পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে না নিয়ে পাশের ঘোষপুর ইউনিয়নের গোয়াইলবাড়ি এলাকার আক্কাস শেখ ও কানু মিনা নামে দুই ওঝাকে ডেকে এনে ঝাড়ফুঁক করান।
রাতভর ঝাড়ফুঁক চলার পর ভোররাতের দিকে রাফসানের শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য এনায়েত হোসেন জানান, প্রায় ১৫ দিন আগেও রাফসানকে পুকুরপাড়ে সাপে কামড় দিয়েছিল। তখন একই ওঝা ঝাড়ফুঁক করার পর সে সুস্থ হয়ে ওঠে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবারও পরিবারের সদস্যরা প্রথমে ওঝার শরণাপন্ন হন। তবে এবার শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান বলেন, রাত ৪টার দিকে রাফসানকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন রায় রোগীর অবস্থা দেখে সাপে কাটা রোগীর জন্য অ্যান্টিভেনম প্রয়োগের প্রয়োজনীয়তার বিষয়টি পরিবারের সদস্যদের জানান। তবে পরিবারের সদস্যরা অ্যান্টিভেনম দিতে সম্মত না হওয়ায় তাদের সম্মতিতেই রোগীকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথেই রাফসানের মৃত্যু হয় বলে তারা জানতে পেরেছেন।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







