প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

রোববার (২৮ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে পাকিস্তানের হাইকমিশনারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল এ সাক্ষাৎ করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে এবং বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রাইমটিভি/এনজি