দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সবুজায়ন জোরদার করতে আজ সোমবার (২৯ জুন) একযোগে ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করবেন তিনি।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ বিশেষ সবুজায়ন উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে স্কুল, কলেজ ও মাদ্রাসায় মোট ৫ কোটি গাছ লাগানো হবে।
এ কর্মসূচির আওতায় দেশের ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসায় একযোগে বৃক্ষরোপণ করা হবে।
প্রথমে কর্মসূচিটি সোমবার সকাল ১০টায় আয়োজনের কথা থাকলেও বিশেষ কারণে সময় পরিবর্তন করে দুপুর ২টায় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কর্মসূচি বাস্তবায়নে প্রতিবছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে বিশেষ জলবায়ু সচেতনতা অনুদান দেওয়া হচ্ছে। এ বছর প্রতিটি প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে। এতে স্থানীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেবেন। পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরার সুযোগ পাবেন।
কর্মসূচি সফল করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ উপলক্ষে ক্যাম্পাসে জলবায়ুবিষয়ক ব্যানার-ফেস্টুন প্রদর্শনের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হবে।
একই অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর জাতীয় পর্যায়ের উদ্ভাবকদের তৈরি বিভিন্ন স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্পের স্টল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সেরা উদ্ভাবকদের হাতে পুরস্কারও তুলে দেবেন।
অনুষ্ঠানকে ঘিরে সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




