মাত্র ২০ টাকার ঝালমুড়ির বিল পরিশোধকে কেন্দ্র করে বিরোধের জেরে কিশোরগঞ্জে মোহাম্মদ আমিন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৮ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার যশোদল ইউনিয়নের নধার বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আমিন নধার গ্রামের চাঁন মিয়ার ছেলে। এ ঘটনায় একই গ্রামের ঝালমুড়ি বিক্রেতা সোহেল (৩১) নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি মৃত জব্বার মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাতে বন্ধু মোবারককে সঙ্গে নিয়ে আমিন সোহেলের দোকানে ঝালমুড়ি খেতে যান। খাওয়া শেষে তিনি ২০ টাকা পরে পরিশোধ করবেন বলে জানালে দোকানদারের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে আমিনের বন্ধু মোবারক নিজের কাছ থেকে ২০ টাকা পরিশোধ করেন। কিন্তু এরপরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকে। অভিযোগ রয়েছে, একপর্যায়ে সোহেল ধারালো অস্ত্র দিয়ে আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

রক্তাক্ত অবস্থায় আমিন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল আলম বলেন, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে আমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে পাঠান। সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে এমন হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহতের বড় ভাই আল আমিন বলেন, মাত্র ২০ টাকার বিষয় নিয়ে তার ভাইয়ের ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। তিনি অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইমটিভি/এমএইচ