কারাগারে অসুস্থ দীপু মনি, নেওয়া হয়েছে ঢামেকে

ছবিঃ সংগৃহীত
কারাগারে অসুস্থ হয়ে পড়ায় সাবেক শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
কারা সূত্রে জানা গেছে, রোববার (২৮ জুন) রাত দেড়টার দিকে তিনি অসুস্থ বোধ করলে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান জানান, দীপু মনি আগে থেকেই কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক না হলেও আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হওয়ায় দীপু মনির নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার প্রয়োজন হয়। রোববার গভীর রাতে অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও বলেন, চিকিৎসকদের পর্যবেক্ষণ শেষে তার অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ডা. দীপু মনি চাঁদপুর-৩ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




