ভারতীয় ভিসা আবেদন জমার প্রথম দিনেই দীর্ঘ লাইন

ছবিঃ সংগৃহীত
দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। রোববার (২৮ জুন) থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) এ আবেদন প্রক্রিয়া শুরু হয়। আর সোমবার (২৯ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে।
আবেদন গ্রহণের প্রথম দিন রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) ভিসাপ্রত্যাশীদের দীর্ঘ সারি দেখা যায়। দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কের আইভ্যাক পরিদর্শনের সময় বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নিয়মিত ভিসা ইস্যু কার্যক্রম স্থগিত করে ভারত। পরে সীমিত পরিসরে মেডিকেল, ব্যবসা ও শিক্ষার্থী ভিসা চালু থাকলেও পর্যটন ভিসা পুরোপুরি বন্ধ ছিল।
নতুন হাইকমিশনারের দায়িত্ব গ্রহণের পর সেই অচলাবস্থার অবসান হলো। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা—এই পাঁচটি আইভ্যাক কেন্দ্রে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরেও এ সেবা চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দীর্ঘদিন পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ায় চিকিৎসা, ভ্রমণ এবং পারিবারিক সফরের পাশাপাশি পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




