নকল চাবি দিয়ে এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি

ছবিঃ সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত এক নিরাপত্তাকর্মীকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া আইয়ুব আলী (৫৬) কক্সবাজার সদর উপজেলার বৈদ্যেরঘোনা এলাকার বাসিন্দা। রোববার (২৯ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, আইআইইউসি ক্যাম্পাসের ইসলামী ব্যাংকের বুথটি মূলত শিক্ষার্থীদের টিউশন ফি সংগ্রহের কাজে ব্যবহৃত হয়। গত বুধবার দুপুরে ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুঈনুল ইসলাম খাবারের বিরতিতে যাওয়ার আগে বুথে তালা দিয়ে যান। প্রায় আধা ঘণ্টা পর ফিরে এসে টাকা গণনার সময় তিনি দেখতে পান, এক হাজার টাকার ১৭টি বান্ডিলে থাকা মোট ১৭ লাখ টাকা ক্যাশবক্স থেকে উধাও।
ঘটনার পর বুথের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, নিরাপত্তাকর্মী আইয়ুব আলী একটি নকল চাবি ব্যবহার করে বুথে প্রবেশ করেন। পরে ক্যাশ ড্রয়ার থেকে টাকাগুলো একটি ব্যাগে ভরে দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনার পর থেকেই তিনি কর্মস্থল থেকে নিখোঁজ ছিলেন।
এ ঘটনায় গত শুক্রবার ইসলামী ব্যাংকের চকবাজার শাখার কর্মকর্তা মোহাম্মদ মুঈনুল ইসলাম সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ প্রথমে আইয়ুব আলীর কক্সবাজারের বাড়িতে অভিযান চালায়। সেখানে তাকে না পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় রংপুরে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে রংপুর জেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী টাকা চুরির কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি অর্থ তিনি বিভিন্ন কাজে ব্যয় করেছেন বলে জানিয়েছেন।
তিনি আরও বলেন, চুরির ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত ছিলেন কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




