কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ মঙ্গলবার (৩০ জুন) সকালে দেশে পৌঁছাবে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো দেশে আনা হচ্ছে।

নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন মোস্তাক আহমদ আফনান, জুবায়ের আহমদ, জসিম উদ্দিন, জিবাল আহমেদ এবং কাদির আহমদ।

কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং জানিয়েছে, সোমবার রাত সোয়া ১০টায় দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যাবে। মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছানোর কথা রয়েছে।

গত ২১ মে কাতারের শাহানিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশিসহ ছয়জন নিহত হন। নিহত অপর একজন ছিলেন ভারতীয় নাগরিক। দুর্ঘটনার পর থেকে মরদেহগুলো কাতারের একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা ছিল।

প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অবশেষে প্রায় এক মাসের বেশি সময় পর নিহত পাঁচ প্রবাসীর মরদেহ স্বজনদের কাছে ফিরিয়ে আনা হচ্ছে।

প্রাইমটিভি/এনজি