রাঙামাটিতে ইয়াবাসহ গ্রেপ্তার গণ অধিকার পরিষদের স্থানীয় নেতা

ছবিঃ সংগৃহীত
রাঙামাটিতে তিন হাজার পিস ইয়াবাসহ গণ অধিকার পরিষদের এক নেতাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পুরো মাদক চক্র, ইয়াবার উৎস ও সরবরাহ নেটওয়ার্ক শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে শহরের মারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাত ১১টার দিকে কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গণ অধিকার পরিষদের রাঙামাটি জেলা শাখার সহসভাপতি জলমনি চাকমা (৪৯) এবং বিলাইছড়ি উপজেলার ধোপ্পাছড়ি এলাকার বাসিন্দা বাবু তঞ্চঙ্গ্যা (৩৮)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ওই এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে এসেছিলেন।
সংবাদ সম্মেলনে রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। তদন্তের মাধ্যমে এই মাদক চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত, ইয়াবার উৎস এবং সরবরাহের রুট উদঘাটনের চেষ্টা চলছে।
এদিকে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তবে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও জরুরি।
ঘটনার পর গণ অধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক ওহাদুজ্জামান বলেন, বিষয়টি সংগঠনের নজরে এসেছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, সদ্য সমাপ্ত জুন মাসে জেলায় মাদকসংক্রান্ত নয়টি মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সময়ে ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৮ লিটার চোলাই মদও উদ্ধার করা হয়।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







