৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়, জুলাইয়ের আত্মত্যাগের সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সরকার সর্বোচ্চ মূল্যায়ন করবে। আইন অনুযায়ী অন্যায়কারী ও হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। তবে বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সরকারের মূল লক্ষ্য দেশের উন্নয়ন এবং জনগণের ভাগ্যের পরিবর্তন। পাশাপাশি কোনো শক্তি যাতে দেশ গঠনের এই লক্ষ্যকে বাধাগ্রস্ত করতে না পারে, সে ব্যাপারেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ১৭ বছর ধরে তার পরিবারের ওপর অন্যায়, জুলুম ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। এরপরও প্রতিশোধ নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার শিক্ষাই তিনি তার মা ও ভাইয়ের কাছ থেকে পেয়েছেন।

তিনি আরও বলেন, ১৭ বছর আগে যাদের সহকর্মী হিসেবে পেয়েছিলেন, তাদের অনেককে হারিয়েছেন। কেউ কেউ অঙ্গহানির শিকার হয়েছেন। সেই শারীরিক কষ্ট ও মানসিক যন্ত্রণা তিনিও অনুভব করেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রাইমটিভি/এনজি