আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে ‘বাংলাদেশ নীতি’ অনুসরণ করা হচ্ছে। এর মাধ্যমে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক ও শক্তিশালী করা হবে।

রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। জাতীয় নিরাপত্তা কৌশল বাস্তবায়নে বাংলাদেশ নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, যা দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও দক্ষতার মাধ্যমে যে সুনাম অর্জন করেছে, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টও তার গুরুত্বপূর্ণ অংশ।

মো. সাহাবুদ্দিন আরও বলেন, প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি বর্তমানে সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং নতুন ধরনের নিরাপত্তা হুমকি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এসব মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সময়োপযোগী ও কার্যকর কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রাইমটিভি/এনজি