অস্ট্রেলিয়া সফরকে ঘিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘মেলবোর্ন মিটস মোদি’ শীর্ষক একটি অনুষ্ঠানের পোস্টের মন্তব্যে ‘আবু মুস্তাফা’ নামে একটি অ্যাকাউন্ট থেকে হুমকিমূলক বার্তা দেওয়া হয়। সেখানে লেখা হয়, অনুষ্ঠানের সময় স্টেডিয়ামের ছাদ বন্ধ থাকাই ভালো, নইলে তিনি অস্ট্রেলিয়ায় মৃত্যুর জন্যই আসবেন।

খবরে আরও বলা হয়েছে, তদন্তকারীরা সংশ্লিষ্ট আইপি ঠিকানা শনাক্ত করেছেন। হুমকির ঘটনাটি ফৌজদারি অপরাধের আওতায় পড়ে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

আগামী ৮ থেকে ১০ জুলাই সরকারি সফরে অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির। সফরকালে তিনি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি মেলবোর্নে প্রবাসী ভারতীয়দের একটি কমিউনিটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে।

সফরকে সামনে রেখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, প্রধানমন্ত্রী মোদিকে অস্ট্রেলিয়ায় স্বাগত জানাতে পেরে তিনি সম্মানিত। তার ভাষায়, অস্ট্রেলিয়া ও ভারতের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ এবং এই অংশীদারিত্ব ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এবারের সফরে দুই দেশের সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা ও প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে।

অস্ট্রেলিয়ার মতে, বিশ্বের দ্রুত বর্ধনশীল বৃহৎ অর্থনীতির অন্যতম ভারত দেশটির একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। শক্তিশালী অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা ধারাবাহিকভাবে বিস্তৃত হচ্ছে।

প্রাইমটিভি/এনজি