তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত । (ছবি: সংগৃহীত)
ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের চার সদস্যের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লার ভেতরে নেওয়া হয়। জানাজার ইমামতি করেন বিশিষ্ট শিয়া আলেম আয়াতুল্লাহ জাফর সোবহানী।
রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় গ্র্যান্ড মোসাল্লায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিবিসি।
জানাজার নামাজ তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে শুধুমাত্র আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আদায় করা হয়। দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সাইয়্যেদে বুশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হোদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলের জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে তার নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির জানাজা আদায় করা হয়।
খামেনির মৃত্যুর পর শনিবার ভোর থেকেই তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় বিদায়ী শ্রদ্ধা নিবেদন শুরু হয়। শেষ শ্রদ্ধা জানাতে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক মানুষ সেখানে সমবেত হন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে ৭০টিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন, যা ইরানের জন্য গুরুত্বপূর্ণ ও সম্মানের বিষয়।
এদিকে, আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই গ্র্যান্ড মোসাল্লার প্রধান চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সরকারি কর্মসূচি অনুযায়ী, জানাজার পর সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর খামেনির মরদেহ আরও ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের জন্য ইরাকের নজফ ও কারবালায় নেওয়া হবে। সবশেষে বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি জেনেভায় কূটনৈতিক আলোচনা চলাকালে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনিসহ ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








