সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে এসব প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিয়ে সুস্পষ্টভাবে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি, থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে ব্যবহার করা যাবে না।

এতে আরও বলা হয়, প্রচারসামগ্রী তৈরির সময় অনুষ্ঠানের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করতে হবে। নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে ফুটে ওঠে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ নির্দেশনা অতীব গুরুত্বপূর্ণ এবং তা অনতিবিলম্বে কার্যকর হবে।

প্রাইমটিভি/এনজি